২৬ অক্টোবর ২০১৩ - ২০:৩০
ভারতে শিয়া বক্তাদের বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হবে

আসন্ন পবিত্র মহররম মাস উপলক্ষে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার সহযোগিতায় ভারতের বিভিন্ন অঞ্চলের শিয়া বক্তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে একদিনের এ সমাবেশ নয়া দিল্লীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : পবিত্র মহররম ও ইমাম হুসাইন (আ.) এর আযাদারীর মাসের আগমন উপলক্ষে আয়োজিত ভারতের শিয়া বক্তাদের একদিন ব্যাপী সম্মেলন রাজধানী নয়া দিল্লীতে অনুষ্ঠিত হবে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এবং আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার সহযোগিতায় এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৯শে অক্টোবর আয়োজিত এ সম্মেলনে অংশগ্রহণের লক্ষ্যে ভারতের বিভিন্ন অঞ্চলের খ্যাতিমান বক্তাগণকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এ সম্মেলনে ইরানের সেমনান অঞ্চলে সর্বোচ্চ নেতার সাবেক প্রতিনিধি ‘আয়াতুল্লাহ আব্বাস আলী আখতারী’, আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার আন্তর্জাতিক বিভাগের প্রধান ‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মুহাম্মাদ সালার’, সর্বোচ্চ নেতার ভারত প্রতিনিধি ‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মাহদাভিপুর’, ভারতে ইরানি রাষ্ট্রদূত ‘গোলাম রেজা আনসারী’, আল-মোস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ভারত প্রতিনিধি ‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মাহদাভি’ প্রমুখ উপস্থিত থাকবেন।

আহলে বাইত (আ.) এর শিক্ষা কেন্দ্রিক আযদারীর গঠনমূলক ভূমিকা, বর্তমান সময়ে আযাদারীতে মান্য ও পরিহার্য্য বিষয়াদি, ধর্মীয় শিক্ষা প্রসারে আযাদারীর ভূমিকা, শিয়া সমাজ ও আহলে বাইত (আ.) এর ভক্তদের মাঝে আধ্যাত্মিকতা বৃদ্ধি, ইমাম হুসাইন (আ.) এর প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে জনগণকে অবগত করার ক্ষেত্রে চেষ্টা চালানো ইত্যাদি বিষয় এ সম্মেলনে পর্যালোচিত হবে।

উল্লেখ্য, ভারতে ৩ কোটি শিয়াসহ আহলে বাইত (আ.) এর অসংখ্য গুণগ্রাহী বসবাস করে। সংখ্যাগত দিক থেকে ইরানের পর ভারতেই সবচেয়ে অধিক শিয়ার বাস।